মস্কোর নামকরা রেস্তোরাঁয় ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ২

মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ
মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ | ছবি: সংগৃহীত
0

মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত দুজন নিহত ও ২১ জন আহত হয়েছেন। এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে অভিহিত করেছেন শহরটির মেয়র সের্গেই সোবিয়ানিন। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কুদ্রিনস্কায়া স্কয়ারে অবস্থিত ‘বালজি রোসি’ নামের রেস্তোরাঁটিতে এক ব্যক্তিগত অনুষ্ঠান চলছিল। এ সময় অজ্ঞাত পরিচয়ের এক নারী বাড়িতে তৈরি বলে ধারণা করা একটি বিস্ফোরক নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। ভেতরে ঢোকার আগেই বোমাটি বিস্ফোরিত হয়। এতে ওই নারীকে আটকানো নিরাপত্তারক্ষী, একজন গ্রাহক এবং বোমা বহনকারী নারী নিজেই প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তিনি ইচ্ছাকৃতভাবে বোমাটি বিস্ফোরণ ঘটিয়েছিলেন কি না, তা-ও স্পষ্ট নয়।

মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, ‘গতকাল মস্কোতে একটি নৃশংস সন্ত্রাসী হামলা হয়েছে, যা কয়েকজনের প্রাণ কেড়ে নিয়েছে। এই অপরাধের জন্য দায়ীদের অবশ্যই খুঁজে বের করা হবে এবং তাদের প্রাপ্য শাস্তি পেতে হবে।’ তবে এই হামলার উদ্দেশ্য বা এর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

ক্রেমলিনপন্থি সংবাদমাধ্যম রেন টিভি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হাসপাতালে নেয়ার পর আহতদের মধ্যে আরও দুজনের মৃত্যু হয়েছে। যদিও তা এখনো কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

রাশিয়ার ব্যবসায়িক দৈনিক কমারসান্টের প্রতিবেদনে বলা হয়েছে, রেস্তোরাঁর বাইরের খোলা টেরেসে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরাই ছিলেন হামলার মূল লক্ষ্য। সূত্রগুলো পত্রিকাটিকে জানিয়েছে, ওই অনুষ্ঠানে কড়া নিরাপত্তা ছিল বলেই বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

কমারসান্ট আরও জানিয়েছে, উপহারের বাক্স হাতে এগিয়ে আসা এক নারীকে দেখে নিরাপত্তারক্ষীর সন্দেহ হয়। তিনি ওই নারীকে তল্লাশি করতে গেলেই বোমাটি বিস্ফোরিত হয়। তদন্তকারীদের ধারণা, বোমাটি দূরনিয়ন্ত্রিতভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, বাক্সের ভেতরে কী ছিল, তা সম্ভবত ওই নারী জানতেন না। বোমাটির বিস্ফোরণক্ষমতা প্রায় এক কেজি টিএনটির সমান ছিল। এতে হতাহতের সংখ্যা বাড়াতে ধাতব বল বিয়ারিং ভর্তি করা ছিল বলে জানিয়েছে পত্রিকাটি।

রাশিয়ার কর্তৃপক্ষ এখনো এই হামলায় ইউক্রেনের যোগসূত্র থাকার কথা বলেনি। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপর একের পর এক গুপ্তহত্যা বা হত্যাচেষ্টার জন্য মস্কো এর আগে বেশ কয়েকবার কিয়েভকে দায়ী করেছে।

রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে রেস্তোরাঁর খোলা টেরেসের কাছে বিস্ফোরণটি ঘটে। মস্কোর কেন্দ্রীয় প্রেসনেনস্কি জেলার গার্ডেন রিং এলাকায় অবস্থিত রেস্তোরাঁটি ঐতিহাসিক কুদ্রিনস্কায়া স্কয়ারের একটি টাওয়ারের নিচে অবস্থিত। ১৯৫০-এর দশকে নির্মিত মস্কোর বিখ্যাত সাতটি স্তালিনীয় আকাশছোঁয়া ভবন বা ‘সেভেন সিস্টার্স’ ভবনের একটি এটি। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে একটি তদন্তকারী দল এবং বিপুল সংখ্যক পুলিশ ও জরুরি সেবার কর্মীদের পাঠানো হয়েছে।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে ব্যথিত এবং নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

এএম