রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও দাবি করেছে, তারা মাইকোলাইভ বন্দরেও হামলা চালিয়েছে। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘লয়টারিং মিউনিশন ও হামলাকারী ড্রোন ব্যবহার করে চালানো হামলায় মাইকোলাইভ বন্দরের ট্রান্সশিপমেন্ট কমপ্লেক্সের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে।
এসব স্থাপনা সামরিক পণ্য সরবরাহ ও মজুতের কাজে ব্যবহৃত হতো। পাশাপাশি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত জ্বালানি ও লুব্রিক্যান্টের ট্যাংকেও আঘাত হানা হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এছাড়া ওডেসা থেকে ১১ কিলোমিটার পূর্বে একটি প্রণালিতে ওডেসা ও চেরনোমোরস্ক বন্দরে সামরিক পণ্য নিয়ে যাওয়া একটি শুকনা পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালানো হয়েছে।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে কৃষ্ণসাগর ও আজভ সাগর এলাকায় সামরিক তৎপরতা বাড়িয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই পক্ষই তেলবাহী ট্যাংকার ও পণ্যবাহী জাহাজসহ কয়েক ডজন জাহাজে হামলা চালিয়েছে। রয়টার্স জানিয়েছে, যুদ্ধক্ষেত্রসংক্রান্ত এই দাবির সত্যতা তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।





