ব্রিটিশ সরকার এক বিবৃতিতে জানিয়েছে, এই চুক্তি ‘গ্লোবাল কমব্যাট এয়ার প্রোগ্রামের’ (জিসিএপি) জন্য একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’। এই কর্মসূচির আওতায় ২০৩৫ সালের মধ্যে ষষ্ঠ প্রজন্মের একটি যুদ্ধবিমান তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা নির্ধারিত সময়েই সেবায় যুক্ত হবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘জিসিএপি যুদ্ধবিমানটি পরবর্তী প্রজন্মের রয়্যাল এয়ার ফোর্সের অংশ হিসেবে টাইফুন, এফ-৩৫ এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার সঙ্গে কাজ করবে। এই বিমানে জটিল ডিজিটাল প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও যুগান্তকারী প্রযুক্তি ব্যবহার করা হবে, যা রয়্যাল এয়ার ফোর্সের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধবিমান হয়ে উঠবে।’
তিনটি দেশের যৌথ অর্থায়নে সম্পাদিত এই চুক্তির দায়িত্ব পেয়েছে ‘এজউইং’। ব্রিটেনের বিএই সিস্টেমস, ইতালির লিওনার্দো এবং জাপান এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল এনহ্যান্সমেন্ট কোং লিমিটেড (জেএআইইসি) মিলে ২০২৫ সালে যৌথভাবে এই প্রতিষ্ঠান গড়ে তুলেছে। চুক্তির অর্থ কর্মসূচির পরবর্তী ধাপে ব্যয় করা হবে, যেখানে বিমানের মূল বৈশিষ্ট্য নির্ধারণ ও কঠোর পরীক্ষার মাধ্যমে এর নকশা চূড়ান্ত করার ওপর গুরুত্ব দেয়া হবে।





