সিনেটর মার্কোলেতার বিরুদ্ধে নির্বাচনী প্রচার তহবিলের ৭ কোটি ৫০ লাখ পেসো (প্রায় ১২ লাখ ডলার) অপ্রদর্শিত রাখার অভিযোগে দুর্নীতির মামলা হতে যাচ্ছে—সরকারের পক্ষ থেকে এমন ঘোষণার একদিন পরই এই বিক্ষোভ শুরু হয়। আগামী সপ্তাহে সিনেটে ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তের অভিশংসন বিচার শুরু হতে যাচ্ছে। মার্কোলেতাকে দুতের্তের একজন কট্টর সমর্থক হিসেবে বিবেচনা করা হয়, যার ভোট অভিশংসন ঠেকাতে গুরুত্বপূর্ণ।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, সোমবার রাত ৯টার দিকে তারা আয়োজকদের কাছ থেকে বার্তা পেয়ে মঙ্গলবার ভোর থেকে রাজপথে অবস্থান নিয়েছেন। পুলিশ জানিয়েছে, দুপুর পর্যন্ত প্রায় ১২ হাজার মানুষ ম্যানিলার সড়কে জড়ো হয়েছেন, যার ফলে রাজধানীজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। আইএনসি মুখপাত্র এডউইল জাবালা এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা তাদের জানাতে চাই যে, বেছে বেছে বিচার করা আসলে এক ধরনের অবিচার। আমরা চুপ থাকবো না।’
ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে এক বিবৃতিতে অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস প্রশাসন বিচার ব্যবস্থাকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে। মার্কোলেতার পাশাপাশি দুতের্তের আরও দুই ঘনিষ্ঠ মিত্র সিনেটর জিংগয় এস্ট্রাদা এবং রোনাল্ড ‘বাতো’ দেলা রোসা বর্তমানে আইনি জটিলতার মুখে রয়েছেন। এস্ট্রাদার বিরুদ্ধে একটি বড় ধরনের প্রকল্পে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং মাদকবিরোধী যুদ্ধে ভূমিকার কারণে দেলা রোসার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
আগামী ৬ জুলাই সিনেটে দুতের্তের অভিশংসন বিচার শুরু হবে। ২৪ আসনের সিনেটে যদি ১৬ জন সদস্য তাকে দোষী সাব্যস্ত করেন, তবে তিনি ভাইস প্রেসিডেন্টের পদ হারাবেন এবং ভবিষ্যতে কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। উদ্ভুত পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রেসিডেন্ট মার্কোস তার সব পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করেছেন।





