চুক্তির শর্তাবলি পুরোপুরি বাস্তবায়নের আহ্বান পেজেশকিয়ানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার কার্যকারিতা নির্ভর করছে চুক্তির শর্তাবলি এবং অঙ্গীকারগুলোর নিখুঁত বাস্তবায়নের ওপর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পেজেশকিয়ান বলেন, ‘এই আলোচনার কার্যকারিতা নির্ভর করছে স্বীকৃত বাধ্যবাধকতাগুলোর প্রতি পূর্ণ প্রতিশ্রুতি এবং সেগুলোর সুনির্দিষ্ট বাস্তবায়নের ওপর।’ তিনি আরও উল্লেখ করেন যে, এই পথে অগ্রগতির মাপকাঠি হবে দায়িত্বগুলোর প্রতি ‘ব্যবহারিক আনুগত্য’। প্রেসিডেন্ট সতর্ক করে দিয়ে বলেন, ‘চুক্তির মূল পাঠ্য বা টেক্সটের বাইরের কোনো বক্তব্য আলোচনাকে এগিয়ে নিতে সহায়তা করে না।’

প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বিবৃতিতে নির্দিষ্ট কোনো মন্তব্যের কথা উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিক্রিয়ায় বলা হয়েছে। ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে, ইরান তাদের পরমাণু কেন্দ্রগুলো পরিদর্শনে রাজি হয়েছে এবং অবমুক্ত করা অর্থ দিয়ে তেহরান কেবল মার্কিন কৃষিপণ্য কিনবে। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এই দাবিগুলো অস্বীকার করেছেন।

এএম