প্রতিদিনের ধূসর জীবনে গোলাপি রঙের আভা যেনো মনের প্রশান্তি। বলা হয় ভালোবাসা আর স্নিগ্ধতার রঙ গোলাপি। সেই গোলাপি আভায় মেতেছে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসের শিক্ষা প্রতিষ্ঠান। গ্রীষ্মের শুরুতে ঠাণ্ডা গোলাপি স্যুপের ফ্যাস্টিভালের আয়োজন করা হয়েছে সেখানে। দেশটির ঐতিহ্যবাহী এই খাবার কেন্দ্র করে টানা চতুর্থবারের মতো উদযাপিত হচ্ছে পিঙ্ক স্যুপ ফেস্টিভ্যাল। স্থানীয় ভাষায় যা "শালতিবারশিয়াই উৎসব নামে পরিচিত।
সারা বিশ্ব থেকে স্যুপপ্রেমীরা রাজধানী ভিলনিয়াসের নেরিস নদীর ধারে ভিড় জমিয়েছেন। বার্ষিক উদযাপনে যোগ দিতে ছুটে এসেছেন বিভিন্ন শহর থেকে। রাস্তাঘাট থেকে শুরু করে অনুষ্ঠানস্থল সেজে উঠেছে গোলাপি রঙে।
বিটরুট,দুধ,শসা ও সেদ্ধ ডিম ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করা হয় বিশেষ ধরনের এই ঠান্ডা স্যুপ। গরমের দিনে ক্লান্তি দূর করতে খাবারটি খুবই জনপ্রিয় বাসিন্দাদের মধ্যে। যা এরইমধ্যে বিশ্বের সেরা ঠান্ডা স্যুপ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
আগত এক দর্শনার্থী বলেন, ‘এটা খুব সুস্বাদু। এটা ঠান্ডা এবং গরমের দিনে খাওয়ার জন্য খুবই উপযুক্ত। আর আমার মনে হয়, এটা ঠিক আমাদের লিথুয়ানিয়ান ঐতিহ্যের মতোই, কারণ আমরা লিথুয়ানিয়ানরা মনে করি যে এই স্যুপটি আমাদের জাতীয় খাবার।’
গোলাপি রঙের পোশাক, পরচুলা ও নানা সাজে বিশাল আকৃতির টেবিলে হাজার হাজার অংশগ্রহণকারী একসঙ্গে বসে গোলাপি স্যুপ খাওয়া ছিল আয়োজনের অন্যতম আর্কষণ। এছাড়া, স্যুপের বাটি হাতে ওয়েটারদের চমৎকার দৌড় প্রতিযোগিতা দর্শণার্থীদের মুগ্ধ করেছে।
আয়োজক গো ভিলনিয়াস বলেন, ‘সবচেয়ে ঐতিহ্যবাহী লিথুয়ানিয়ান খাবার কোনটি জানতে আমরা ১০ হাজার মানুষের উপর একটি জরিপ করে ছিলাম । বেশিরভাগই বলেছিল পিঙ্ক স্যুপ। উৎসবটি আয়োজন করার কারণ হলো, আমরা শহরটির প্রতীক, ঐতিহ্য এবং বিশেষ কিছু চেয়েছিলাম। যেখানে সমস্ত মানুষ একত্রিত হতে পারে এবং আমরা পর্যটকদেরও দৃষ্টি আকর্ষণ করতে পারি।’
গোলাপি ওয়াটার স্লাইড ও ফেনার রাইড উৎসবে বাড়তি আন্দন যোগ করেছে। নেরিস নদীতে গোলাপি রঙের নৌকা বাইছ ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। লিথুয়ানিয়ার জনগণের কাছে এটি কেবল খাওয়ার আয়োজন নয়। বরং এটি তাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং রন্ধনশিল্পকে বিশ্বের বুকে তুলে ধরার একটি বড় মাধ্যম।





