বিবৃতিতে ব্রিকস মন্ত্রীরা গাজায় মানবিক সহায়তার পূর্ণ ও বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে ফিলিস্তিনের অবরুদ্ধ এই ভূখণ্ডে একটি ‘অবিলম্বে, স্থায়ী ও নিঃশর্ত যুদ্ধবিরতি’ কার্যকরের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।
সম্মেলনে অংশ নেয়া দেশগুলো একতরফা জবরদস্তিমূলক ব্যবস্থা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনহীন নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে। লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচলের অধিকার ও স্বাধীনতার বিষয়েও দেশগুলো একমত পোষণ করেছে।
এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মনীতির বাইরে একতরফা শুল্ক ও অশুল্ক বাধা আরোপ নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে ব্রিকস। বাণিজ্যিক ক্ষেত্রে এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতির জন্য ক্ষতিকর বলে মনে করেন জোটের পররাষ্ট্রমন্ত্রীরা।





