উত্তর প্রদেশে ধূলিঝড় ও বজ্রপাতে ৯৬ জনের মৃত্যু

ঝড়ের পর গাড়ির ওপর পড়া গাছ সরাছে মানুষেরা
ঝড়ের পর গাড়ির ওপর পড়া গাছ সরাছে মানুষেরা | ছবি: রয়টার্স
0

ভারতের উত্তর প্রদেশে প্রবল ধূলিঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। গতকাল (বুধবার, ১৩ মে) রাজ্যের বিভিন্ন জেলায় এসব প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি ও নানা স্থাপনা বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশটির সবচেয়ে জনবহুল এই রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি মানুষ। উত্তর ভারতে সাধারণত মার্চ থেকে জুন পর্যন্ত মৌসুমি বায়ু আসার আগে এ ধরনের ঝড় নিয়মিত ঘটনা।

সরকারি কর্মকর্তারা জানান, গাছ উপড়ে পড়া, ঘরবাড়ি ধসে পড়া এবং বজ্রপাতের কারণে অধিকাংশ প্রাণহানি ঘটেছে। ঝড়ে বিভিন্ন জেলায় সড়ক ও রেললাইনের ওপর গাছ পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনী চেইনসো এবং ক্রেন ব্যবহার করে রাস্তা পরিষ্কারের কাজ করছে।

প্রশাসনিক কর্মকর্তা নরেন্দ্র শ্রীবাস্তব জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি দল মোতায়েন করা হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় ঘরবাড়ি, ফসল ও বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রয়াগরাজ জেলায় ঝড়ের কবলে পড়ে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা রাম কিশোর বলেন, ‘হঠাৎ ঝড় শুরু হলো এবং কয়েক মিনিটের মধ্যে আকাশ পুরোপুরি অন্ধকার হয়ে গেল। টিনের চাল উড়ে যাচ্ছিল আর মানুষ দিগবিদিক ছুটছিল। সারা রাত গাছ পড়ার শব্দ পাওয়া গেছে।’

পাশের ভাদোহি জেলায় সাবিত্রী দেবী নামের এক নারী জানান, ঝড়ে তাদের মাটির ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পর অল্পের জন্য বেঁচে গেছেন তারা। দেয়াল কাঁপতে শুরু করলে তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে আসেন এবং পরক্ষণেই ছাদ ধসে পড়ে।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২৪ ঘণ্টার মধ্যে ত্রাণ কার্যক্রম শেষ করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা ও ক্ষতিপূরণ দেয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।

এএম