জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ নিউইয়র্কে ইসরাইলি মিশনের এক অনুষ্ঠানে বলেন, ‘আমরা দেখেছি সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের দেয়া আয়রন ডোম ব্যবস্থা ব্যবহার করছে।’ আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এদিকে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি তেল আবিবে এক অনুষ্ঠানে জানান, ইসরাইল কেবল প্রতিরক্ষা ব্যবস্থাই পাঠায়নি, বরং সেগুলো পরিচালনার জন্য নিজস্ব কর্মীও পাঠিয়েছে।
তিনি বলেন, ২০২০ সালে স্বাক্ষরিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর মাধ্যমেই দুই দেশের মধ্যে এই অসাধারণ সম্পর্ক তৈরি হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধ চলাকালে ইরানি হামলা থেকে সুরক্ষা দিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছিল।
অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনার পর প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এই নির্দেশ দেন।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বাইরে সংযুক্ত আরব আমিরাত হলো প্রথম দেশ যারা আয়রন ডোম ব্যবহার করেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই প্রতিরক্ষা ব্যবস্থাটি উপসাগরীয় দেশগুলোর দিকে ধেয়ে আসা কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে রুখে দিয়েছে।

 Cadre Specialist Physician Forum forms a human chain-320x167.webp)



