নিজ দেশে থেকেও পরাধীন তারা। বলছি অবরুদ্ধ গাজার বাসিন্দাদের কথা। স্বাধীনতাকামী সংগঠন হামাস নির্মূলের নামে ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গৃহহারা তারা। শরণার্থী শিবিরে যাপন করতে হচ্ছে মানবেতর জীবন।
শরণার্থী শিবিরগুলোতে ক্রমেই ছড়িয়ে পড়ছে ইঁদুর ও বিভিন্ন কীট-পতঙ্গ। রাতে শিশুরা ঘুমালে তাদের হাত ও পায়ের আঙ্গুলে পর্যন্ত কামড় দিচ্ছে এগুলো। এতে সেখানে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অবস্থানরত ফিলিস্তিনিরা।
শরণার্থী শিবিরের বাসিন্দারা বলেন, আগে আমরা বাড়ির বাইরে এসব ইঁদুরসহ বিভিন্ন পরজীবি কীট দেখেছি। কিন্তু এখন আমাদের এদের সঙ্গে থাকতে হচ্ছে, যা খুবই কঠিন। আমরা আর পারছি না
এদিকে, অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবারহ দিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা অধিকার কর্মী ও নৌকা আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইতালি, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশ। বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এসময় তারা অবিলম্বে অধিকার কর্মীদের ছেড়ে দেয়ার দাবি জানান।
লেবানন-ইসরাইলের মধ্যকার তথাকথিত যুদ্ধবিরতি মধ্যেও হামলা বন্ধ করেনি তেলআবিব। হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। এ পরিস্থিতিতে লেবানন-ইসরাইল শান্তি আলোচনার কার্যকারিতা নিয়ে সংশয় দেখা যাচ্ছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় লেবাননে দক্ষিণাঞ্চলে ইসরাইলি সেনাদের হামলায় ৩২ জন নিহতের খবর পাওয়া গেছে।
এরমধ্যে, লেবাননের দখলকৃত প্রতিটি ইঞ্চিই পুনরুদ্ধারের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। মে দিবস উপলক্ষে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে দেশের জীবন-যাপনের মান এবং অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও দেন তিনি।





