তড়িঘড়ি চুক্তিতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র; নজর এখন ইরানের নতুন প্রস্তাবের দিকে

ডোনাল্ড ট্রাম্প, পিট হেগসেথ ও ড্যান কেইন
ডোনাল্ড ট্রাম্প, পিট হেগসেথ ও ড্যান কেইন | ছবি: সংগৃহীত
0

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে কোনো ধরনের তড়িঘড়ি বা তাড়াহুড়ো করতে আগ্রহী নয় যুক্তরাষ্ট্র। গত এক সপ্তাহে ওয়াশিংটনের পক্ষ থেকে বারবার এটি স্পষ্ট করা হয়েছে যে, সংঘাত দ্রুত শেষ করার জন্য তারা কোনো চাপ অনুভব করছে না। রয়টার্স ও ফক্স নিউজের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

গতকাল (শুক্রবার, ২৪ এপ্রিল) বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান একটি প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছে। তিনি বলেন, ‘তারা একটি প্রস্তাব দিচ্ছে, আমাদের এখন দেখতে হবে সেটি কী।’ তবে ওই প্রস্তাবের বিষয়বস্তু সম্পর্কে তিনি এখনো বিস্তারিত কিছু জানেন না বলে উল্লেখ করেন। এর আগে ফক্স নিউজকেও ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ শেষ করার ক্ষেত্রে তার ওপর কোনো ‘সময়ের চাপ’ নেই এবং তিনি একটি ‘ভালো চুক্তি’র জন্য অপেক্ষা করবেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই সুরই প্রতিধ্বনিত হয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বক্তব্যে। তিনি বলেন, ‘আমাদের হাতে দুনিয়ার সব সময় আছে এবং আমরা কোনো চুক্তির জন্য উদ্বিগ্ন নই।’ অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, বর্তমান যুদ্ধবিরতি শেষ হলে ইরানে পুনরায় সামরিক অভিযান শুরু করার জন্য সেনাবাহিনী পুরোপুরি ‘প্রস্তুত ও সুসজ্জিত’ হয়ে আছে।

তবে পরিস্থিতির আরও অবনতি হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ইসরাইল কাৎজের মন্তব্যে। তিনি জানিয়েছেন, ইসরাইল এখন কেবল যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় আছে। তার দাবি অনুযায়ী, এই সংকেত পেলেই তারা ‘ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বংশের বিলুপ্তির চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করবে। উল্লেখ্য, যুদ্ধের প্রথম দিনেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন।


এএম