পডকাস্টের জন্য স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশন ফিচার আনছে থ্রেডস

থ্রেডস প্লাটফর্ম
থ্রেডস প্লাটফর্ম | ছবি: সংগৃহীত
0

সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে পডকাস্টের জনপ্রিয়তা বাড়াতে নতুন কিছু ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে প্লাটফর্মটি। সম্প্রতি থ্রেডসের প্রধান কনর হেইস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অডিও ক্লিপ থেকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সট তৈরি বা ‘অটোমেটিক ট্রান্সক্রিপশন’ করার মতো একটি ফিচার নিয়ে কাজ চলছে। এর ফলে সাউন্ড বন্ধ রেখে স্ক্রোল করার সময়ও ব্যবহারকারীরা অডিও শোনার পাশাপাশি স্ক্রিনে তার টেক্সট বা বিবরণ পড়ে নিতে পারবেন। খবর এনগ্যাজেটের।

মেটা মালিকানাধীন এ প্লাটফর্মটিতে পডকাস্ট শেয়ারিং আরও সহজ ও আকর্ষণীয় করতে যেসব টুল নিয়ে কাজ চলছে, তার মধ্যে এটি একটি।

পরীক্ষামূলক পর্যায়ে থাকা এসব ফিচার শেষ পর্যন্ত সবার জন্য চালু হবে কি না, তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি। তবে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সুবিধা এনে প্লাটফর্মের পরিধি বাড়ানোই এখন থ্রেডসের মূল অগ্রাধিকার।

বিশেষ করে পডকাস্টারদের নিজেদের দিকে টানতে বেশ জোর দিচ্ছে টেক্সটনির্ভর সামাজিক এই মাধ্যমটি। গত বছরের নভেম্বরেও অডিও-ভিজ্যুয়াল কনটেন্টের প্রসারে বিশেষ কিছু প্রমোশনাল টুল যুক্ত করেছিল তারা।

উল্লেখ্য, সম্প্রতি নতুন মাইলফলক স্পর্শ করেছে থ্রেডস। গত জুনেই মেটার এই প্লাটফর্মটি অতিক্রম করেছে ৫০ কোটি সক্রিয় ব্যবহারকারীর (মান্থলি অ্যাক্টিভ ইউজার) কোটা।

দ্রুত বাড়তে থাকা এ বিশাল ব্যবহারকারী গোষ্ঠীর অভিজ্ঞতা সমৃদ্ধ করতে বিশেষায়িত ফিচার যুক্ত করার পদক্ষেপকে স্বাভাবিকভাবেই সময়োপযোগী মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

এএইচ