Recent event

স্মার্টগ্লাসে ফেস রিকগনিশন চালুতে কাজ করছে মেটা

মেটার রে-ব্যান স্মার্টগ্লাস
মেটার রে-ব্যান স্মার্টগ্লাস | ছবি: সংগৃহীত
0

বর্তমান সময়ে অধিকাংশ স্মার্টফোন বা স্মার্ট ডিভাইসে ফেস রিকগনিশন ফিচার রয়েছে। তবে দীর্ঘদিন এ প্রযুক্তি থেকে দূর রয়েছে মেটা। মূলত এ প্রযুক্তি নিয়ে নানা সমালোচনার কারণে মেটা এ প্রযুক্তি কোনো পণ্যে ব্যবহার করেনি। তবে কোম্পানিটি যে এ প্রযুক্তি পুনরায় ব্যবহার করবে না এমন কোনো তথ্য ছিল না।

সম্প্রতি এ বিষয়ে নতুন প্রতিবেদন প্রকাশ করেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। যেখানে দাবি করা হচ্ছে মার্ক জাকারবার্গের এ কোম্পানি তাদের স্মার্টগ্লাসে ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে। চলতি বছরের মধ্যে এ প্রযুক্তি যুক্ত হবে।

নাম প্রকাশ না করার শর্তে মেটার পরিকল্পনার বিষয়ে অবগত চারজনের সঙ্গে কথা বলে নিউ ইয়র্ক টাইমস। তারা জানায় নতুন এ ফিচারটির কোডনেম দেয়া হয়েছে ‘নেম ট্যাগ’। তারা জানায় কোম্পানির উদ্যোগের ফলে মেটার ‘ওকলে’ বা ‘রে-ব্যান’ গ্লাসেই অন্য ব্যক্তির তথ্য জানা যাবে।

এ ধরনের প্রযুক্তি ব্যবহারে ব্যক্তিগত গোপনীয়তা, সুরক্ষা ও নীতিগত ঝুঁকি বেশি থাকে। যে কারণে গত বছরের সম্মেলনে এ প্রযুক্তির নেম ট্যাগ উন্মোচন করেনি মেটা। এছাড়াও কোম্পানিটি এর প্রথম স্মার্টগ্লাসে ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যেও হয়তো কাজ করছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

মেটার রিয়ালিটি ল্যাবের অভ্যন্তরীণ এক মেমোতে বলা হয়, যুক্তরাষ্ট্রে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তা নতুন এ প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপযোগী।

প্রযুক্তি বিশারদদের মতে, সামনের বছরগুলোতে স্মার্টগ্লাসের বাজার আরও বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। সেদিক থেকে ফেস রিকগনিশন প্রযুক্তির ব্যবহার অন্যান্যদের তুলনায় বাজারে মেটাকে অনেকটাই এগিয়ে রাখবে।

এএইচ