ইতালির ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন
হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন | ছবি: সংগৃহীত
0

ইতালির ভেনিসে বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় সময় গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাতে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে ‘পানি ও পচা ডিম’ নিক্ষেপ করেন বলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে থেকে লাইভে এসে জানান তিনি।

এ ঘটনার প্রতিকার চেয়ে এরইমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তার অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতা-কর্মী এই ঘটনা ঘটিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে লক্ষ্য করে বস্তু ছুড়ে মারা হয়।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলেন এ অভিনেত্রী। সে প্রেক্ষাপটেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে প্রতিকার চেয়ে অভিনেত্রী স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। এ অভিযোগের বিষয়ে ভেনিস আওয়ামী লীগ বা ছাত্রলীগের সংশ্লিষ্ট কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এএইচ