জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বছরের পর বছর ধরে গলছে অ্যান্টার্কটিকার বরফ। তবে গত চার বছর ধরে আশঙ্কাজনকহারে বরফ গলায় পরিবেশবিদদের উদ্বেগও বাড়ছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে যখন প্রাকৃতিক দুর্যোগও ভয়াবহ হচ্ছে, এমন সময় সুখবর দিলেন মার্কিন বিজ্ঞানীরা। তারা বলছেন, দক্ষিণ গোলার্ধে বাড়তে শুরু করেছে বরফ।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার এর বিজ্ঞানীদের মতে, ২৬ ফেব্রুয়ারি অ্যান্টার্কটিকার সমুদ্রের বরফ সর্বনিম্ন মাত্রা ২৫ দশমিক ৮ লাখ বর্গকিলোমিটারে পৌঁছায়। যা গত চার বছরের বরফের সর্বনিম্ন গড়ের কাছাকাছি। তবে ২০২৩ সালের ফেব্রুয়ারির তুলনায় ৭ লাখ ৩০ হাজার বর্গ কিলোমিটার বেশি।
বিজ্ঞানীরা বলছেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দক্ষিণ থেকে আসা শক্তিশালী বাতাসের কারণে বরফ গলার গতি কমে যায়। তবে এবছর ফেব্রুয়ারিতে যে পরিমাণ বরফ রেকর্ড করা হয়েছে তা ১৯৮১ থেকে ২০১০ সালের বরফের যে গড় তার চেয়ে ২ লাখ ৬০ হাজার বর্গ কিলোমিটার কম।
তবে এ সংখ্যাটি এখনও চূড়ান্ত নয়। আবহাওয়ার ওপর নির্ভর করে বরফ কমবেশি হতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।




