এসএসসি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতার নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয় | ছবি: এখন টিভি
0

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক পত্রে শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন:

মন্ত্রণালয়ের উপসচিব সাবিনা ইয়াসমিন স্বাক্ষরিত ওই পত্রে, ২১ এপ্রিল থেকে সারাদেশে শুরু হওয়া এসএসসি পরীক্ষা সফলভাবে আয়োজন করতে বিভাগীয় পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষা কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।—বাসস

এএইচ