বাংলাদেশ ব্যাংকে নতুন ডেপুটি গভর্নর নিয়োগ

নতুন ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন
নতুন ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. সরোয়ার হোসেনকে ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার সিনিয়র সহকারী সচিব মো. সফি উল্লাহ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১০(৪) অনুযায়ী মো. সরোয়ার হোসেনকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর-উত্তর ছুটি (এলপিআর) স্থগিতের শর্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এতদিন বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নর ছিলেন। তারা হলেন, নূরুন নাহার, হাবিবুর রহমান, জাকির হোসেন চৌধুরী ও কবির আহাম্মদ। তাদের মধ্যে নূরুন নাহারের মেয়াদ ১ জুলাই শেষ হবে, মঙ্গলবারই তার শেষ কর্মদিবস।

এএইচ