ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ শিগগিরই— জানালেন গ্রাহক ফোরাম

Jobaiar Rahman
বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের লোগো
বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের লোগো | ছবি: সংগৃহীত
0

শিগগিরই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ (বুধবার, ১৭ জুন) সকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ প্রতিনিধিরা।

ইসলামী ব্যাংকের চলমান সংকট ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের’ তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

গভর্নর মোস্তাকুর রহমানে সঙ্গে বৈঠকের কথা থাকলেও পরে ডেপুটি গভর্নর কবির আহমেদের সঙ্গে বৈঠক করেন তারা।

এসময় ব্যাংকটি রক্ষায় ৭ দফা দাবি তুলে ধরেন তারা। ফোরামের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক বছরে ব্যাংকটি থেকে নামে-বেনামে যে বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে, তার বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে, বর্তমানে এস আলম গ্রুপসহ লুটপাটকারী গোষ্ঠীর হাতে থাকা শেয়ারগুলো বাজেয়াপ্ত করে আগের মালিকদের ফিরিয়ে দেয়া অথবা আইপিও পদ্ধতিতে শেয়ারবাজারে বিক্রির দাবি জানান তারা।

বৈঠক শেষে প্রতিনিধি দল জানায়, পেশাদার ও নিরপেক্ষ বোর্ড গঠনের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে কোনো ধরনের বিতর্কিত ব্যক্তিকে বোর্ডে মেনে না নেয়ার কথা জানান তারা।

জেআর