আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুরে কলকাতার রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করেন স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। এসময় তার সঙ্গে থানায় উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, চিরঞ্জিৎ চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্যায়, ভরত কল, লাবণী সরকার, ঋত্বিক চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, বিদীপ্তা চক্রবর্তী, সৌরভ দাস সহ বিনোদন জগতের একাধিক শিল্পী। সেক্ষেত্রে রাহুলের মৃত্যুর পাঁচ দিন পর প্রথম এফআইআর দায়ের হল।
থানায় প্রবেশের সময় প্রিয়াঙ্কাকে ভীষণ বিধ্বস্ত দেখাচ্ছিল। তিনি নিজে উপস্থিত থেকে অভিযোগপত্রে স্বাক্ষর করেন, ফলে মামলাটি বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গের আর্টিস্ট ফোরামের তরফে এফআইআর করা হয় ‘ম্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। অভিনেতা রাহুলের আকস্মিক মৃত্যুর পরই লেখিকা, প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'-এর বিরুদ্ধে আইনি চিঠি পাঠিয়েছিল আর্টিস্ট ফোরাম। কিন্তু যথাযথ উত্তর না মেলায় গতকাল, শুক্রবার রাতেই আর্টিস্ট ফোরামের সভাপতি শান্তিলাল মুখোপাধ্যায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান। এরপরই প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে শনিবার থানায় এফআইআর করে আর্টিস্ট ফোরাম।
আরও পড়ুন:
গত ২৯ মার্চ ওড়িশা সংলগ্ন তালসারি সমুদ্র সৈকতে ধারাবাহিক ‘ভোলবাবা পার করেগা’ এর শুটিং করতে গিয়ে আকস্মিক মৃত্যু হয় অভিনেতার। পুলিশের তরফ থেকে বলা হয়, সমুদ্রের পানিতে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। দীঘার মহকুমার হাসপাতাল ময়নাতদন্তের পর জানায়, রাহুলের ফুসফুসে বালিকনা ও নোনা পানি পাওয়া গেছে।
কিন্তু রাহুলের মৃত্যু নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দুর্ঘটনার সময় রাহুল শ্যুটিং করছিলেন, না শেষ হয়ে গিয়েছিল, তা নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য উঠে এসেছে।
আর্টিস্ট ফোরামের প্রশ্ন, সমুদ্র সৈকত থেকে হাসপাতালের দূরত্ব মাত্র ৭ কিলোমিটার, তবে উদ্ধারে পর হাসপাতালে নিয়ে যেতে কেন দেড় ঘণ্টা সময় লাগলো? রাহুলে সাথে এক সহঅভিনেত্রীও সমুদ্র সৈকতে ছিলেন এবং তিনি সেখানে পড়ে গিয়েছিলেন বলে ওই অভিনেত্রী নিজেই জানিয়েছিল। তবে তিনি কি করে অক্ষত থাকলেন? রাহুল কেন তলিয়ে গেল? পুলিশের অনুমতি ছাড়া লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা কেন সমুদ্র সৈকতে শ্যুটিং করছিল? রাহুলের মৃত্যুকে ঘিরে এমন হাজারো প্রশ্ন উঠেছে নানা মহলে। আঙুল উঠেছে প্রযোজনা সংস্থার দিকে।
এদিকে রাহুলের স্মরণে শনিবার টেকনিশিয়ান স্টুডিও থেকে রাধা স্টুডিও পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়। ‘জাস্টিস ফর রাহুল’ দাবিতে আয়োজিত এ মিছিলে শিল্পী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।





