বাহুবলে বনদস্যুদের হামলা রুখতে বনপ্রহরীদের গুলি, কাঠসহ সিএনজি জব্দ

কাঠসহ জব্দ হওয়া সিএনজি
কাঠসহ জব্দ হওয়া সিএনজি | ছবি: এখন টিভি
0

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বন বিট থেকে কাঠ পাচারের সময় বনদস্যুদের হামলা রুখতে তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন বনপ্রহরীরা। পরে ঘটনাস্থল থেকে ছয় টুকরো আকাশমণি কাঠ ও কাঠপাচারে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে বন বিভাগ।

আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জের আওতাধীন পুটিজুরী বন বিট এলাকায় এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ ও চেক স্টেশন কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটিজুরী বন বিটের কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ টহলে বের হন। টহল চলাকালে বন বিট এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ছয় টুকরো আকাশমণি কাঠপাচারের সময় বনপ্রহরীদের সঙ্গে কাঠ পাচারকারীদের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। এসময় বনপ্রহরীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পাচারকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন:

পরে ঘটনাস্থল থেকে ছয় টুকরো আকাশমণি কাঠ, যার পরিমাণ ৭.৭৩ ঘনফুট এবং কাঠ পাচারে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

জব্দ করা কাঠ ও সিএনজিচালিত অটোরিকশাটি শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জব্দকৃত মালামাল নিয়ে বন আদালতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এসএস