আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) সকালে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির পালংখালী বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী আঞ্জুমানপাড়া পানির পয়েন্টের উত্তর পাশে বাবুলের ঘের এলাকায় অভিযান চালায়।
এসময় মিয়ানমার দিক থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়।
আটক দু’জন হলেন— উখিয়ার আঞ্জুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মো. নূর ইসলাম, বয়স ২৫ বছর এবং বালুখালী এফডিএমএন ক্যাম্প-১৫-এর মৃত হাচানের ছেলে মো. হারেস, বয়স ২০ বছর।
আরও পড়ুন:
পরে তাদের বহন করা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪ কার্টন থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে।
উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, ইয়াবার মূল উৎস, সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।





