পুলিশ জানায়, গত ৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ পৌঁছানোর দুই মিনিটের মধ্যে কনস্টেবল জাকির হোসেনসহ দুজন সেখানে গিয়ে পুলিশ পরিচয়ে স্বর্ণগুলো নিয়ে যান বলে অভিযোগ ওঠে। পরে জাকির হোসেন ছুটিতে চলে যান। কর্মস্থলে ফেরার পর তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাকির হোসেন রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির অধীনে অফিসার্স মেসে কর্মরত ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছিল।
অপর আসামি মোহাম্মদ আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলমপুর এলাকার বাসিন্দা।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে শনিবার রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ আলীর কাছ থেকে সাড়ে ২০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারে কার্যক্রম চলছে।
পুলিশের একাধিক সূত্রের দাবি, রাজশাহী থেকে গলানো স্বর্ণ চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নেয়া হচ্ছিল। স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশে নেয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
