বিজিবি জানায়, গতকাল (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) রাতে নালিতাবাড়ি উপজেলার কাটাবাড়ী সীমান্ত এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশল অবলম্বন করে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে সটকে পড়ে।
পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লাখ ৪৬ হাজার টাকা।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, ‘সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।’





