যশোরে বিজিবির অভিযানে ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

স্বর্ণসহ আটক এক ব্যক্তি
স্বর্ণসহ আটক এক ব্যক্তি | ছবি : এখন টিভি
0

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৪১ লাখ টাকার স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (রোববার, ২৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় নারায়ণগঞ্জের বাসিন্দা সুমন মন্ডল (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তির শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬৮০ গ্রাম ওজনের চারটি পূর্ণাঙ্গ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি এবং নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন:

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি ঢাকা থেকে স্বর্ণগুলো যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য ১ কোটি ৪০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা। জব্দ করা অন্যান্য মালামালসহ মোট জব্দকৃত সম্পদের মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১৭৫ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘স্বর্ণ চোরাচালান সীমান্ত এলাকায় একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে স্বর্ণসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।’

এফএস