নারায়ণগঞ্জের আসামিকে গ্রেপ্তারের সময় হামলা, ডিবির ৩ সদস্য আহত

হামলায় আহত এক সদস্য
হামলায় আহত এক সদস্য | ছবি: সংগৃহীত
0

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি মামলার আসামি গ্রেপ্তারের অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্যের ওপর হামলা ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

গতকাল (বৃহস্পতিবার, ১৮ জুন) বিকেলে উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে এঘটনা ঘটে। আহতরা হলেন এসআই মামুন মাতুব্বর, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমান উল্লাহ ও কনস্টেবল কবির আহম্মেদ।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল চারটায় ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে যায়। এ সময় আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়।

এক পর্যায়ে তিন পুলিশ সদস্যকে একটি পিকআপে ভ্যানে তুলে তাদের আড়াইহাজারের শান্তিনগর বাজারে নিয়ে আসে। সেখানে আবারও তাদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। ইউনিফর্ম না থাকায় তারা জনরোষের শিকার হয়। তদন্তের পর ঘটনার বিস্তারিত বলা যাবে।

এএইচ