মানিকগঞ্জে শ্মশান থেকে খুলি চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

গ্রেপ্তার ৩ আসামি
গ্রেপ্তার ৩ আসামি | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বোয়ালিয়া মহাশ্মশান থেকে কঙ্কালের খুলি চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি খুলি উদ্ধার করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) সকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধুলশুরা ইউনিয়নের বোয়ালিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— হরিরামপুর উপজেলার ধুলশুরা ইউনিয়নের বাবুরহাটি এলাকার সুশীল সরকারের ছেলে শিশির সরকার (২১), প্রতিত বিশ্বাসের ছেলে দীপক বিশ্বাস (২২) এবং বোয়ালিয়া এলাকার নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে রাজেশ বিশ্বাস (৩৪)।

আরও পড়ুন:

এ ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও চুরির অভিযোগে শ্মশান কমিটির সভাপতি দ্বিজেন হালদার বাদী হয়ে বুধবার বিকেলে হরিরামপুর থানায় একটি মামলা দায়ের করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাতে বোয়ালিয়া মহাশ্মশান থেকে খুলি চুরির ঘটনা ঘটে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে বুধবার সন্ধ্যায় অভিযুক্তদের গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

এসএইচ