Recent event

এডিসিকে ছুরিকাঘাত: পলাতক ছিনতাইকারী গ্রেপ্তার

ডিএমপির লোগো
ডিএমপির লোগো | ছবি: সংগৃহীত
0

কারওয়ান বাজারে পুলিশের এডিসিকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ডিএমপির প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) মো. সুমন রেজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টায় কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মো. রিপনকে (৩০) গ্রেপ্তার করে ডিবির তেজগাঁও ডিভিশনের একটি টিম।

আরও পড়ুন:

ডিবি সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে গেলে সে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

আরও জানা যায়, ওই সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে যাচ্ছিলেন এডিসি সুমন রেজা। ছিনতাইকারীকে পালাতে দেখে এডিসি রেজা গাড়ি থেকে নেমে সেই ছিনতাইকারীকে আটকের চেষ্টা করলে ছিনতাইকারী তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করেন। এতে এডিসি রেজার ডান হাতের মধ্যমাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়। পরবর্তীতে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এসএইচ