কক্সবাজারে ২৪ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, কমেছে গরমের তীব্রতা

কক্সবাজারে বৃষ্টি
কক্সবাজারে বৃষ্টি | ছবি: এখন টিভি
0

কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে পর্যটন নগরী কক্সবাজারে। আজ (রোববার, ১০ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টিতে শহরজুড়ে ফিরে এসেছে প্রশান্তির আবহ। কক্সবাজার আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় মোট ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি আবহাওয়ার প্রভাবে কক্সবাজারে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আজকের পাশাপাশি আগামীকালও বৃষ্টি কিংবা গুঁড়ি গুঁড়ি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতও হতে পারে।

এর আগে শনিবার তিনি জানিয়েছিলেন, কক্সবাজার আবহাওয়া অফিসের প্রাপ্ত তথ্যানুযায়ী জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা।

এদিকে কয়েকদিনের তাপদাহের পর হঠাৎ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। শহরের বিভিন্ন এলাকায় কিছু স্থানে পানি জমে সাময়িক ভোগান্তি সৃষ্টি হলেও শীতল আবহাওয়ায় অনেকটাই কমেছে গরমের তীব্রতা।

পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকতেও বৃষ্টি ভেজা আবহে দেখা গেছে ভিন্ন এক সৌন্দর্য। বৃষ্টির মধ্যেও সৈকতে ঘুরতে আসা পর্যটকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এএইচ