Recent event

১৭ বছর পর ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

ভোট দিচ্ছেন লুৎফুজ্জামান বাবর
ভোট দিচ্ছেন লুৎফুজ্জামান বাবর | ছবি: এখন টিভি
0

দীর্ঘ প্রায় সাড়ে সতেরো বছর পর ভোট দিলেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আবারো ভোট দিতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকালে নিজ উপজেলার মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে তিনি ভোট প্রদান করেন।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সপরিবারে ভোট প্রদান করে আনন্দ প্রকাশ করেন। পাশাপাশি তিনি ভোটারদেরও শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের আহ্বান জানান।

লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমি যে ভোট দিতে পারছি বা নির্বাচন করতে পারছি, এর চেয়ে বড় রহমত আর কী হতে পারে? এজন্য আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জানাই। দীর্ঘ প্রতীক্ষার পর আমার পরিবারের সদস্য সন্তানরা এখানে এসে ভোট দিচ্ছে। এটি তাদের প্রথম ভোট।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এখানে দেখবেন অনেক তরুণই প্রথমবার ভোট দিচ্ছে। এটি একটি বিরাট আশার ব্যাপার। আমাদের এলাকা আগেও শান্তিপূর্ণ ছিলো। এখনো শান্তিপূর্ণ আছে। আশা করি, বাংলাদেশের সমস্ত এলাকায় শান্তিপূর্ণ ও সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার খুব শক্ত অবস্থান নিয়েছে। কিন্তু যারা ভোটকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে খারাপ কাজ করছেন—সে যে দলেরই হোক। আমরা অন্তত আমাদের দলের পক্ষ থেকে কাউকে প্রশ্রয় দেব না। একটি দল মাঠে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আমাদের এখানেও দু-একজন ধরা পড়েছে। ওই দলটির এত টাকা আপনারা দেখছেন এবং জানাচ্ছেন।’

বাবর বলেন, ‘ভোট ইঞ্জিনিয়ারিংয়ের লক্ষণ তো আছেই। তবে আমি সব ভোটারকে সচেতন হওয়ার আহ্বান জানাব। সমস্ত প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, সবাই সতর্ক থাকবেন যাতে কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে না পারে।’

এফএস