হবিগঞ্জে সিএনজিসহ নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজ যুবকের মরদেহ
নিখোঁজ যুবকের মরদেহ | ছবি: এখন টিভি
0

হবিগঞ্জের বাহুবল বাজার থেকে সিএনজিসহ নিখোঁজ হওয়ার দুই দিন পর তুহিন মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) সকালে পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকার একটি নির্জন বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার সিএনজিটি উদ্ধার করা সম্ভব হয়নি।

নিহত তুহিন মিয়া বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাতে বাহুবল বাজার এলাকা থেকে সিএনজিসহ হঠাৎ নিখোঁজ হন তুহিন। ঘটনার পর থেকে স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য সব স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজের দুই দিন পর আজ বুধবার সকালে নবীগঞ্জ উপজেলার সাতাইহাল গাজির মোকাম এলাকায় রাস্তার পাশের একটি বাঁশঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

আরও পড়ুন:

খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ তুহিন মিয়ার বলে শনাক্ত করেন। পুলিশ ও স্থানীয়দের ধারণা, অটোরিকশাটি ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা তুহিনকে নির্মমভাবে হত্যা করে মরদেহটি নির্জন বাঁশঝাড়ে ফেলে রেখে পালিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবুল হোসাইন জানান, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, আনুমানিক ৪৮ ঘণ্টা আগে তাঁকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখা হয়েছিল। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

এএইচ