গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ৩

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে সিএনজিতে থাকা ৩ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২জন আহত হয়েছেন।

আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক ভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে কালিয়াকৈর থেকে চারজন যাত্রী নিয়ে একটি সিএনজি শ্রীপুরের মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিল। সিএনজি অটো রিকশাটি কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসার একটি কভার্ডভ্যানের সংঘর্ষ হয়।

আরও পড়ুন:

এতে সিএনজি চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে দুজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন নিহত হন। হতাহতদের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে।’

এফএস