আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) দুপুরে উত্তর কোলাপাড়া-আমজাদনগর সীমান্তের ২১৬৩ নম্বর পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে। আটক সুজন পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে সুজন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের উত্তর কোলাপাড়ার বিপরীতে ভারতের আমজাদনগর শ্মশানঘাট এলাকায় প্রবেশ করেন। পরে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশে ফেরার সময় কাঁটাতারের বেড়া অতিক্রমের চেষ্টা করলে বিএসএফ সদস্যরা তাকে আটক করেন। আটকের সময় তার কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
তবে সুজনের স্ত্রী আয়েশা আক্তারের দাবি, দুপুরে উত্তর কোলাপাড়া-আমজাদনগর সীমান্তের ২১৬৩ নম্বর পিলারের কাছে জ্বালানি কাঠ সংগ্রহের জন্য গিয়েছিলেন সুজন। ভারতের কয়েকজন ব্যক্তির সঙ্গে পূর্বশত্রুতা থাকায় তারা সুজনকে বিএসএফের কাছে ধরিয়ে দিয়েছেন বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম.এম. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি সম্পর্কে বিজিবি অবগত রয়েছে।





