আজ (সোমবার, ২৪ আগস্ট) বেলা ১২টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে ভূমিকম্পে টেলিফোন, ইন্টারনেট ও বিদ্যুৎ ব্যবস্থা অচল হয়ে পড়লে ইমার্জেন্সি অপারেশনস সেন্টার থেকে বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু, আহত ও আটকে পড়াদের উদ্ধার, অগ্নিনির্বাপণ এবং জরুরি সেবা পরিচালনার বিভিন্ন কৌশল অনুশীলন করা হয়।
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহযোগিতায় প্রচলিত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হলে কীভাবে বিকল্প মাধ্যমে দ্রুত যোগাযোগ পুনঃস্থাপন করা যায়, তাও মহড়ায় প্রদর্শন করা হয়।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘ভূমিকম্প বা বড় ধরনের দুর্যোগে বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট ব্যবস্থা অচল হয়ে যেতে পারে। এ অবস্থায় ইওসি থেকে বিকল্প যোগাযোগ ব্যবস্থা চালু করে দ্রুত তথ্য আদান-প্রদান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করাই এই মহড়ার মূল উদ্দেশ্য।’
তিনি আরও বলেন, ‘নিয়মিত এ ধরনের মহড়ার মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও সমন্বয় আরও শক্তিশালী হবে।’
আয়োজকরা জানান, শিল্পাঞ্চলে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, দ্রুত সাড়া এবং আন্তঃবিভাগীয় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মহড়া বাস্তব পরিস্থিতিতে কার্যকর উদ্ধার ও জরুরি সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।




