কক্সবাজারে প্যারাসেইলিং দুর্ঘটনায় পর্যটক নিহত; হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

গ্রেপ্তার আসামি
গ্রেপ্তার আসামি | ছবি : সংগৃহীত
0

কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং পরিচালনায় নিরাপত্তাজনিত অবহেলার অভিযোগে পর্যটক অক্ষর সৌভিক রায় (৩১) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মো. ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ (শুক্রবার, ৭ আগস্ট) র‌্যাব-১৫, কক্সবাজার জানায়, র‌্যাব-১৫-এর ব্যাটালিয়ন সদর এবং র‌্যাব-৪, ঢাকার যৌথ অভিযানে গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকার মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকার ১০২/১-ক, আজাদ মিনি মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মো. ফরিদ কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাহারছড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হাই ও রাজিয়া খাতুনের ছেলে।

আরও পড়ুন:

র‌্যাব জানায়, গত ১ আগস্ট দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে কক্সবাজার সদর উপজেলার দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় নিরাপত্তাজনিত অবহেলার কারণে উড্ডয়নরত অবস্থায় প্যারাসেইলিংয়ের রশি ছিঁড়ে পর্যটক অক্ষর সৌভিক রায় সমুদ্রে পড়ে যান। ঘটনাস্থলে তাৎক্ষণিক উদ্ধার ব্যবস্থা না থাকায় বিলম্বে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব আরও জানায়, ঘটনার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে গেলে তাদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। একপর্যায়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি মো. ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপন করে রয়েছেন। পরে র‌্যাব-১৫ ও র‌্যাব-৪-এর সমন্বিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. ফরিদ কক্সবাজার থেকে পালিয়ে ঢাকায় আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আলামতসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এফএস