শেরপুরে অনলাইন জুয়া ও বেটিং দমনে জিরো টলারেন্স

শেরপুর পুলিশ সুপারের কার্যালয়
শেরপুর পুলিশ সুপারের কার্যালয় | ছবি: এখন টিভি
0

শেরপুরে অনলাইন জুয়া ও বেটিং দমনে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। এরইমধ্যে বাংলাদেশ সরকারের প্রণীত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ বাস্তবায়নে জেলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ (রোববার, ৫ জুলাই) দুপুরে শেরপুর জেলা পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সচেতনতামূলক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, গত ১ জুলাই থেকে সারা দেশে কার্যকর হওয়া ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ অনুযায়ী সকল প্রকার জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়ার পাশাপাশি ভুয়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ভিপিএন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত জুয়া-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে শেরপুর জেলা পুলিশ।

বার্তায় আরও বলা হয়, শেরপুর জেলাকে জুয়া ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। যেকোনো ধরনের জুয়া বা অবৈধ অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে নতুন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম জানান, অনলাইন জুয়া ও বেটিং দমনসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। তাই আশপাশে সংঘটিত জুয়া বা অনলাইন বেটিং সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর অনুরোধ করি। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এএইচ