সোলার লাইট চুরিতে দুর্ভোগে গোমতিপাড়ের লক্ষাধিক মানুষ

চুরি হওয়া সোলার লাইট
চুরি হওয়া সোলার লাইট | ছবি: এখন টিভি
0

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থেকে টিক্কারচর পর্যন্ত, প্রায় পাঁচ কিলোমিটার সড়কে স্থাপিত তিন শতাধিক সোলার লাইট চুরির অভিযোগ উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন লক্ষাধিক মানুষ। ভুক্তভোগীদের দাবি, দ্রুত চুরি হওয়া লাইট উদ্ধার ও পুনঃস্থাপনের পাশাপাশি কঠোর নজরদারি নিশ্চিত করা হোক।

২০২৩ সালে উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে গোমতী নদীর বেড়িবাঁধ সড়কে বসানো হয় পাঁচ শতাধিক সোলার লাইট। লক্ষ্য ছিল শহরের সঙ্গে গোমতীর উত্তর পাড়ের পাঁচথুবী ও আমড়াতলী ইউনিয়নের মানুষের রাতের যাতায়াত সহজ ও নিরাপদ করা।

দাঁড়িয়ে থাকা খুঁটিগুলোতেই ছিল সারি সারি সোলার লাইট। দুর্বৃত্তরা খুলে নেয়ার ফলে এখন প্রায় ৮০ শতাংশ খুঁটিতেই নেই লাইট, কোথাও খুঁটিও উধাও। তাই সন্ধ্যা নামতেই অন্ধকারে এই সড়কে সক্রিয় হয়ে ওঠে চোর, ছিনতাইকারী ও মাদক চোরাকারবারিরা, অনিরাপদ হয়ে পড়ে সাধারণ মানুষের চলাচল।

এক সময় সন্ধ্যার পর গোমতীর দুই পাড়ে পরিবার নিয়ে ঘুরতে আসতেন অনেকেই। টিক্কারচর ব্রিজ সরগরম থাকত দর্শনার্থীদের ভিড়ে। কিন্তু এখন অন্ধকারে কমে গেছে মানুষের চলাচল, বেড়েছে মাদকসেবী ও অপরাধীর দৌরাত্ম্য। জানা যায় এখান থেকে ধাপে ধাপে চুরি হয় প্রায় ৩ শতাধিক সোলার লাইট।

আরও পড়ুন:

স্থানীয়দের অভিযোগ, অপরাধীদের নিরাপদ বিচরণক্ষেত্র তৈরি করতেই পরিকল্পিতভাবে সোলার লাইট চুরি করা হয়েছে। জনপ্রতিনিধিদের দাবি, এর পেছনে মাদক ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ মাদকসেবীদের একটি চক্র সক্রিয়।

স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘সোলার লাইটটি আস্তে আস্তে নিতে নিতে এখন আছে না, একটাও নাই।’

অন্য একজন বলেন, ‘যেটার মাধ্যমে বাতিটা জ্বলে, এই বাতিটা ভেঙে নিয়ে যায়।’

গোমতীর পাড়ের একজন বলেন, ‘কারেন্টের তারসহ চুরি করে। তারা কীভাবে চুরি করে, একমাত্র তারা জানে। তারা আমরা খুব খোঁজাতাইছি কিন্তু পাই নাই।’

অন্য একজন বলেন, ‘এটি প্রতিরোধ করতে গেলে আমরা সামাজিকভাবে তো সচেতন হইতেই হইব।’

আরও পড়ুন:

কুমিল্লা আদর্শ সদরের পাঁচথুবী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহম্মেদ রাহুল বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে সোলার লাইট গুলা না থাকার কারণে, মানুষ ভয়ভীতি, ভয়ের কারণে রাতে সাতটার পরে মনে করে বের হয় না। চলাফেরা করতে পারে না। চলাফেরা করতে ভয় পায়। ছিনতাইকারী আর নেশা নেশা যারা করে, সেবনকারী তারা কাউকে চিনে না।’

চুরি হওয়া সোলার লাইট উদ্ধার ও দ্রুত নতুন করে আলোর ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের।

ভারত সীমান্তঘেঁষা গোলাবাড়ির এই সড়ক মাদক চোরাকারবারিদের ট্রানজিট রুট। দ্রুত ব্যবস্থা না নিলে জননিরাপত্তা ও জনদুর্ভোগ দুটোই বাড়ার শঙ্কা স্থানীয়দের।

এসএস