ফরিদপুরে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৫

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা | ছবি: সংগৃহীত
0

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশু গুরুতর আহত হয়েছে। আজ (মঙ্গলবার,২ জুন) ভোর ৪টার দিকে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন; যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নুরজাহান (৫০), তার ছেলে আরিফ ইসলাম (২৪), একই গ্রামের ইলিয়াস হোসেনের স্ত্রী আয়শা বেগম (২৮), রাকিব (১৮) এবং প্রাইভেটকারের অজ্ঞাতপরিচয় চালক (২৫)। আহতরা হলেন আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া (৩)। তারা সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, প্রাইভেটকারটি ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মালিগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় গ্যাসবোঝাই একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো। এ সময় দ্রুতগতির প্রাইভেটকারটি ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাকিব নামে আরও একজনের মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালান। নিহত চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।’

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করা হয়। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক ট্রাকের পেছনে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতরে আটকা পড়ে ছিলেন। পরে গাড়ির ক্ষতিগ্রস্ত অংশ কেটে তার মরদেহ উদ্ধার করা হয়।’

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

জেআর