১৯ মে থেকে ফরিদপুরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা’ মেলা

প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং
প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং | ছবি: এখন টিভি
0

জনবান্ধব ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত ফরিদপুর জেলা ও উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’।

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে। তিন দিনের এ মেলার আয়োজন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিং করা হয় ।

মেলা প্রসঙ্গে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানিয়েছে, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দেয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিই এ মেলার মূল লক্ষ্য। মেলায় নাগরিকদের জন্য সরাসরি বিভিন্ন ভূমিসেবা প্রদান করা হবে।

এর মধ্যে রয়েছে— অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য পোর্টালে নিবন্ধন সহায়তা, ই-নামজারির আবেদন গ্রহণ, ই-পর্চা ও মৌজাম্যাপ সরবরাহ, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন ও তাৎক্ষণিক সরবরাহ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ এবং ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত সহায়তা করা হবে ।

আরও পড়ুন:

এছাড়া ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ (এলএসএফসি) ও ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টারের হটলাইন সেবা (১৬১২২) সম্পর্কেও নাগরিকদের অবহিত করা হবে।

মেলা উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে পাঁচটি সেবা স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মধ্যে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সেবা স্টল, জোনাল সেটেলমেন্ট অফিসের স্টল, উপজেলা ভূমি অফিসের স্টল, পৌর ভূমি অফিসের স্টল এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্রের স্টল। প্রতিটি স্টল থেকে তাৎক্ষণিক পরামর্শ ও ভূমিসেবা প্রদান করা হবে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিন্টু বিশ্বাস বলেন, ‘ডিজিটাল ভূমিসেবা জনগণের কাছে সহজভাবে পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ যেন হয়রানি ছাড়াই প্রয়োজনীয় ভূমিসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এ উদ্যোগ।’

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসনের আরডিসি ইনসানা তানজীন ইকো।

এফএস