মেঘনা ঘাট পাওয়ার প্লান্টের ক্যান্টিনে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ, দগ্ধ ১২

দুর্ঘটনাস্থল
দুর্ঘটনাস্থল | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট পাওয়ার প্লান্টের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। আজ (বুধবার, ১৩ মে) দুপুরে উপজেলার শিল্পনগরীর মেঘনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন— নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)।

ফায়ার সার্ভিস জানায়, উপজেলার মেঘনাঘাটে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটির কর্মকর্তা-কর্মচারীরা দুপুরে ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এসময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে বিস্ফোরণ ঘটে। এতে উপস্থিত প্রায় ১২ জনের হাত, মুখ ও পা পুড়ে যায়। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে ঢাকার বার্ন ইন্সটিটিউটে নিয়ে যান।

আরও পড়ুন:

ফায়ার সার্ভিস নারায়ণগঞ্জ জোন-২ এর উপসহকারী পরিচালক ওসমান গনি জানান, পাওয়ার প্লান্ট এর ভিতরের ক্যান্টিনের পাশে রাখা সিলিন্ডার থেকে লিকেজ হয়ে গ্যাস জমে যায়। এসময় কোনো একভাবে আগুনের সংস্পর্শে এসে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ১২ জন দগ্ধকে উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইন্সটিটিউটে নিয়ে যান।

এদিকে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। এখানে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। বিস্তারিত পরে তদন্ত করে জানানো যাবে।’

এসএস