নারায়ণগ‌ঞ্জে আবারও বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগ‌ঞ্জে গ্যাস বিস্ফোরণে ৪ জন দগ্ধ
নারায়ণগ‌ঞ্জে গ্যাস বিস্ফোরণে ৪ জন দগ্ধ | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকায় গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। আজ (সোমবার, ১১ মে) সকাল ছয়টার দিকে শওকত আলী গাজীর মালিকানাধীন ভাড়াটিয়া আব্দুল কাদিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ ব্যক্তিরা হলেন; আব্দুল কাদির (৫০), তার ছেলে মো. মেহেদী (১৭), মো. সাকিব (১৬) ও মো. রাকিব (১৬) (২৫ শতাংশ)। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আব্দুল কাদির ও তার ছেলেরা পেশায় হালিম ও চটপটি বিক্রেতা। স্ত্রী ঘরের বাইরে থাকায় তিনি দুর্ঘটনা থেকে বেঁচে যান।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ছয়টার দিকে নারায়ণগঞ্জ ফতুল্লার কুতুবপুর লাকি বাজার এলাকায় শওকত আলী গাজীর মালিকানাধীন টিনশেড বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদিরের ঘরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ঘরের দরজা জানালা ভেঙে গেছে। এতে দগ্ধ হয় গৃহকর্তা আবদুল কাদিরসহ ৪ জন। তাদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।

এ বিষয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল বলেন, ‘গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে ঘরের ভেতরে গ্যাস জমে চেম্বার হয়েছিল। যে কোনো উপায়ে আগুনের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে এবং চারজন দগ্ধ হয়েছে। তাদেরকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, এর আগে গতকাল (রোববার, ১০ মে) ফতুল্লার আরেকটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়। তারা বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

জেআর