আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চিতাইলার বিল থেকে নিশাতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্থানীয় উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় মোট নয়টি ঘোড়া অংশ নেয়।
আয়োজকরা জানান, দীর্ঘদিন পর এমন আয়োজন ফিরে আসায় আশপাশের বিভিন্ন গ্রাম ও উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। পুরো এলাকা যেন এক মিলনমেলায় পরিণত হয়। দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণ ফিরে পায় গ্রামীণ বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মো. জসিম মোল্লার ৭ নম্বর ঘোড়া। দ্বিতীয় হন নুরুল ইসলামের ৮ নম্বর ঘোড়া। তৃতীয় স্থান অর্জন করে আরও একটি ঘোড়া। বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে একটি ২৬ ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার ৮ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৬ হাজার টাকা নগদ প্রদান করা হয়।
আরও পড়ুন:
প্রথম স্থান অর্জনকারী ঘোড়ার মালিক মো. জসিম মোল্লা বলেন, ‘দীর্ঘদিন পর এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। ভবিষ্যতেও নিয়মিত অংশগ্রহণের ইচ্ছা রয়েছে।’
দ্বিতীয় স্থান পাওয়া ঘোড়ার মালিক নুরুল ইসলাম মাতুব্বর বলেন, ‘এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি সামাজিক বন্ধনও আরও দৃঢ় করে।’
স্থানীয়রা জানান, বহু বছর পর ঘোড়াদৌড় প্রতিযোগিতা ফিরে আসায় এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের আমেজ ছড়িয়ে পড়ে। আয়োজকরাও ভবিষ্যতে নিয়মিত এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন, স্থানীয় নেতা বাবু ফকির, যুবদলের নেতা মো. জসিম মোল্লা, মনির কাজীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।





