আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) দুপুরে সেনানিবাসে এ সাইকেল র্যালির উদ্বোধন করেন ৩৩ পদাতিক ডিভিশন এবং কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, এসপিপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।
উদ্বোধন শেষে মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, ‘পরিবেশবান্ধব একটি আবাসিক ও কর্মপরিবেশ গড়ে তুলতে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ নামে একটি সমন্বিত প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো অভ্যন্তরীণ চলাচলে জীবাশ্ম জ্বালানিচালিত যানবাহনের ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানো।’
এ উদ্যোগের অংশ হিসেবে আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আয়োজিত সাইকেল র্যালিতে অংশ নেন সেনানিবাসের বিভিন্ন পর্যায়ের সদস্যরা। পরিবেশবান্ধব, সহজপ্রাপ্য ও স্বাস্থ্যসম্মত বাহন হিসেবে সাইকেলের ব্যবহারকে জনপ্রিয় করে তোলাই ছিল এ র্যালির মূল উদ্দেশ্য।
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১০০টি সাইকেল এবং ‘আনন্দ পরিবহন’ নামে দুইটি ব্যাটারিচালিত গাড়ি সংযোজনের ‘মাধ্যমে গো গ্রিন ইনিশিয়েটিভে’র যাত্রা হলো। এরই মধ্যে এ উদ্যোগ জ্বালানিনির্ভর যানবাহনের ব্যবহার কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসে ইতিবাচক প্রভাব ফেলছে।
এছাড়াও নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে সেনানিবাসের বিভিন্ন স্থাপনার ছাদ ও অনাবাদি ভূমি ব্যবহার করে ৩ দশমিক ৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সোলার পাওয়ার প্রকল্পের কাজ চলমান।
এসময় সব ব্রিগেড কমান্ডার, স্টেশন কমান্ডার, কমান্ড্যান্টবৃন্দসহ বিভিন্ন পদবীর সেনাসদস্য এবং ২৫ শিশু-কিশোর অংশগ্রহণ করেন।





