ফরিদপুরে বজ্রপাতে বিএনপি নেতা ও কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ফরিদপুরের মধুখালীতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মো. লুৎফর রহমান (৪৭) নামে স্থানীয় এক বিএনপি নেতার  ও জেলা সদরের ডিগ্রিরচর ইউনিয়নে বজ্রপাতে আজাহার শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ (শুক্রবার, ২০ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার মধুখালীর আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।লুৎফর রহমান আড়পাড়া ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লুৎফর রহমান রাজনীতির পাশাপাশি পেশায় একজন কৃষক ছিলেন। আজ (শুক্রবার, ২০ মার্চ) দুপুরে বাড়ির পাশে মাঠের জমিতে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুজ্জামান বাবু বলেন, লুৎফর রহমান স্থানীয় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। 

আরও পড়ুন:

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মো. তাইজুর রহমান বলেন, মৌখিকভাবে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর জানতে পেরেছি।

এছাড়াও ফরিদপুরের কোতোয়ালি থানাধীন ডিগ্রির  চর ইউনিয়নে বজ্রপাতে আজাহার শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

আজ (শুক্রবার, ২০ মার্চ) দুপুরের দিকে আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার শেখ একই এলাকার মৃত হাতেম শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ির পাশের ফাঁকা মাঠে বাঁধা গরু আনতে যান আজাহার শেখ। এ সময় গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এএম