ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ফরিদপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রাজু ওরফে বাটুল রাজু (৩৮)। গতকাল (সোমবার, ২ মার্চ) রাত ১০ টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় ওই ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত রাজু ফরিদপুর শহরের দুই নং কুটিবাড়ী মহল্লার স্টেশন বাজার মুসলিম কলোনি এলাকায় বাসিন্দা বাবলু কসাই এর ছেলে। রাজু বিবাহিত এবং এক মেয়ে ও এক ছেলের বাবা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জের ধরে দুর্বৃত্তরা চাপাতি, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা রাজুর দুই পা ও ডান হাতের বিভিন্ন জায়গায় কুপিয়ে গুরুতর জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।

আরও পড়ুন:

ঘটনার পর এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

পুলিশ জানায়, নিহত রাজুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘মাদক সংক্রান্ত বিরোধের জের থেকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড হিসেবে হৃদয় শেখ নামে যার কথা শোনা যাচ্ছে, সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং একাধিকবার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।’

পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনার পর পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে কাজ করছে এবং এ পর্যন্ত সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

এএইচ