ঈদকে কেন্দ্র করে পোশাকের পাইকারি দোকানে জমে উঠেছে বিক্রি। মার্কেটগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার শহিদ সোহরাওয়ার্দী মার্কেট। এখানে রয়েছে হাজারেরও বেশি রেডিমেড পোশাক প্রস্তুতকারী ও পাইকারি দোকান। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। পাইকারদের চাহিদা মতো দোকানে দোকানে সাজানো হয়েছে থ্রিপিস, টুপিস, ফ্রগ, পাঞ্জাবি ও প্যান্ট-শার্টসহ বিভিন্ন ধরনের পোশাক।
দোকান মালিকরা জানান, এখানে সব রকমরে কাপড় পাওয়া যায়। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা আসেন কাপড় কেনার জন্য।
শবে বরাতের পর থেকে শুরু হওয়া এ বেচাকেনা চলবে অন্তত ২০ রোজা পর্যন্ত। কম দামে ভালো মানের পণ্য পেতে রাজধানীসহ প্রত্যন্ত অঞ্চলের পাইকাররা ছুটে আসেন এ মার্কেটে।
আরও পড়ুন :
পাইকাররা জানান, এখানে কম দামে ভালো পণ্য পাওয়া যায়। তা ছাড়া এখানে কম দামে কাপড় কেনা যায়।
দোকান ও কারখানাগুলোতে প্রায় লক্ষাধিক শ্রমিক কাজ করে। নিরাপত্তা ব্যবস্থা ভালো থাকায় দিন দিন বাড়ছে ব্যবসা-বাণিজ্যের পরিসর।
নারায়ণগঞ্জের দেওভোগ পোশাক প্রস্তুতকারক মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, ‘অন্য অন্য গার্মেন্টসগুলো যে সুযোগ সুবিধা পাচ্ছে সরকারি ভাবে। আমাদের এ বাজারটি সেসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের উচিত আমাদের দিকে একটু দৃষ্টি দেয়া।’
ব্যবসায়ীরা বলছেন, রপ্তানিমুখী গার্মেন্ট শিল্পের মতো প্রণোদনা দেয়া হলে স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন ব্যবসায়ী সমিতির নেতারা।





