Recent event

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবসে শহিদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন
ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবসে শহিদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন | ছবি: এখন টিভি
0

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আজ (শনিবার, ২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয়-চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতি, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, মাভাবিপ্রবি সাংবাদিক সমিতি, ধ্রুবতারা, বাঁধন মাভাবিপ্রবি ইউনিট, আদিবাসী ছাত্র সংগঠন, ম্যাথ ক্লাব-সহ ছাত্র-ছাত্রীদের অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন এবং ভাষা শহিদদের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়— ভাষা আমাদের আত্মপরিচয়, সংস্কৃতি ও চিন্তার ভিত্তি। মহান ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা জোগায়— আমরা যেন জ্ঞানচর্চা, মানবিকতা ও সত্যের পথে আরও এগিয়ে যেতে পারি।’

আরও পড়ুন:

এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম, প্রক্টর অধ্যাপক ড. মো. ইমাম হোসেন, বিভিন্ন হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান ও অফিস প্রধানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

এছাড়াও, ভোরে প্রশাসনিক ভবনের সামনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়, বিশ্ববিদ্যালয় পতাকা ও সঙ্গে কালো পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় ক্যাম্পাসস্থ মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। আর বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জেআর