গত তিন দশকে প্রতিষ্ঠানটি ৬৩ হাজারেরও বেশি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে, যার মাধ্যমে অসংখ্য মানুষের নিজস্ব বাড়ির স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। গ্রাহককেন্দ্রিক সেবা, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা এবং সেবার উৎকর্ষতার মাধ্যমে ডিবিএইচ দীর্ঘদিন ধরে গৃহায়ন অর্থায়নের ক্ষেত্রে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে সুদৃঢ় করেছে।
৩০ বছর পূর্তির এই মাইলফলক সম্পর্কে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ‘৩০ বছর পূর্ণ করা ডিবিএইচের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো-হাজারো পরিবার, গ্রাহক, অংশীদার ও অন্যান্য স্টেকহোল্ডারের আমাদের ওপর দীর্ঘদিনের আস্থার উদযাপন।’
তিনি বলেন, ‘আমাদের পথচলা সবসময় একটি সহজ কিন্তু সুদূরপ্রসারী লক্ষ্যকে কেন্দ্র করে হয়েছে-আরও বেশি মানুষের জন্য নিজস্ব বাড়ির মালিকানাকে সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখা। ভবিষ্যতেও দায়িত্বশীল অর্থায়ন, উদ্ভাবন ও টেকসই সমাধানের মাধ্যমে দেশের আবাসন খাতকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
দীর্ঘ পথচলায় ডিবিএইচ আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি টানা ২১ বছর '‘ত্রিপল এ’' ক্রেডিট রেটিং অর্জন করেছে। একই সঙ্গে, ডিবিএইচের খেলাপি ঋণের হার কখনো ১ শতাংশ অতিক্রম করেনি, যা প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের আর্থিক সক্ষমতা, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা এবং ঝুঁকি ব্যবস্থাপনার প্রতিফলন।
বর্তমানে ডিবিএইচ দেশের ১৯টি শাখার মাধ্যমে প্রচলিত ও ইসলামী-উভয় ধরনের অর্থায়ন ব্যবস্থার আওতায় সাধারণ ও সাশ্রয়ী গৃহঋণসহ বিভিন্ন সেবা প্রদান করছে।
ভবিষ্যতে তিন দশকের এ অভিজ্ঞতাকে ভিত্তি করে আরও বেশি মানুষের কাছে গৃহায়ন অর্থায়নের সুযোগ পৌঁছে দেওয়া, সারা দেশে কার্যক্রমের পরিধি সম্প্রসারণ এবং পরিবেশবান্ধব ও টেকসই আবাসনকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করবে ডিবিএইচ।





