পঞ্চগড়ে সার ডিলার নিয়োগে দলীয়করণের অভিযোগ

পঞ্চগড়ের অটোয়া উপজেলা কৃষি অফিস
পঞ্চগড়ের অটোয়া উপজেলা কৃষি অফিস | ছবি: সংগৃহীত
0

পঞ্চগড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সার ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে। এছাড়া একই পরিবারে একাধিক সদস্যকে ডিলারশিপ দেয়ারও। অভিজ্ঞতাহীন ব্যবসায়ীদের ডিলারশিপ দেয়ায় অসন্তোষ তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ব্যবসায়ী শফিকুর রহমান ও তার ছেলের নামে রয়েছে বিসিআইসি, বিএডিসি ও টিসিবির ডিলারশিপ। এবার নতুন করে সার ডিলার নিয়োগে তোড়িয়া ইউনিয়নে তালিকায় রয়েছে তার বড় ছেলে আব্দুল কাদেরের নাম। তবে শর্ত পূরণ করেই ডিলার নিয়োগ পেয়েছেন বলে দাবি তাদের।

আব্দুল কাদেরের বাবা শফিকুর রহমান বলেন, তার যে লাইসেন্স আপনারা দেখেন কিভাবে পেয়েছে। সে চেষ্টা করে করেছে। এখানে তো আমরা তার সঙ্গে জড়িত না। আর সে আমাদের সঙ্গে থাকেও না। তার শ্বশুরের বাসায় থাকে।’

আব্দুল কাদের বলেন, ‘এটা একই পরিবারে বা একাধিক লাইসেন্সের যে ব্যাপারটা আছে, এটা সম্পূর্ণ মিথ্যাচার করা হচ্ছে।’

একইভাবে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নে নতুন ডিলার নিয়োগের তালিকায় রয়েছেন লোকমান হোসেন লিয়ন। তার চাচাতো ভাই সোহেল রানার নামে বিসিআইসি ও চাচী খালেদা বেগমের নামে বিএডিসি সারের ডিলারশিপ রয়েছে। অভিযোগ রয়েছে লিয়ন তার তাদের দোকানেই কর্মরত ছিলেন। কৌশলে তার নামে নতুন করে সারের ডিলার নিয়েছে ওই পরিবারটিই।

আরও পড়ুন

ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, পুরাতন ব্যবসায়ী অনেকেই আবেদন করেছিল। কিন্তু বিএনপি বাদে কেউ আর এই ডিলারশিপ পাই নাই।

তৃণমূল ব্যবসায়ীদের অভিযোগ, পঞ্চগড়ের ২৯ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভায় ডিলার নিয়োগে যাদের নাম রয়েছে দুএকজন বাদে তারা সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। কেউ নিজের নামে কেউ স্ত্রীর নামে করেছেন আবেদন।

স্থানীয় কৃষকরা জানান, অনিয়ম অবশ্যয়ই হয়েছে, তাকে অনিয়ম করা হয়েছে।

এবিষয়ে এরই মধ্যেই জেলা প্রশাসকের লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস জেলা প্রশাসকের। যাচাই বাছাইয়ের দায়িত্ব উপজেলার কমিটির বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের।

পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, ‘জেলা কমিটির যেটা দায়িত্ব হইলো যে, উপজেলা কমিটি যে যোগ্য তিনজনের নাম দিবে, সেই তিনজনের কাগজপত্র যাচাই করা।’

পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, ‘লিখিত অভিযোগটা হয়তোবা আমার অফিসে এসেছে, আমি এখনো ওইটা দেখিনি। অভিযোগের বিষয়ে আমরা যেটা করে থাকি, অভিযোগটার বিষয়ে আমরা সশরীরে তদন্ত করব। তদন্ত করার পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব।’

ভোগান্তি কমাতে ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি কৃষকদের।

জেআর