বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ম্যাকগ্রেগরে স্পেসএক্সের একটি পরীক্ষা কেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে সাদা রঙের দুই আসনবিশিষ্ট এই গাড়ি প্রদর্শন করা হয়। ইলন মাস্কের রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের যৌথ উদ্যোগে তৈরি এই যানটি সাকশন প্রযুক্তির সাহায্যে ঢালু ট্র্যাকে উল্টোভাবে চলে, শূন্যে ডিগবাজি দেয় এবং নিজস্ব থ্রাস্টারের সাহায্যে মাটিতে অবতরণ করে। প্রদর্শনীতে এটি থ্রাস্টার ব্যবহার করে একটি ট্রাক ও অন্যান্য গাড়ির ওপর দিয়ে শূন্যে লাফিয়ে পার হয়।
প্রায় এক দশক আগে ২০১৭ সালে টেসলা প্রথম তাদের নতুন প্রজন্মের রোডস্টার প্রোটোটাইপ উন্মোচন করেছিল এবং ২০২০ সালে এটি বাজারে ছাড়ার কথা ছিল। বারবার সময়সীমা পেছানোর পর অবশেষে গাড়িটি প্রদর্শন করা হলেও বর্তমানে কোম্পানিটি তাদের মূল মনোযোগ স্বায়ত্তশাসিত গাড়ি ও রোবোটিক্সের দিকে সরিয়ে নিচ্ছে। অনেক অর্থনৈতিক বিশ্লেষক মনে করছেন, ইলন মাস্কের মালিকানাধীন দুই বড় প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্সের সম্ভাব্য একীভূতকরণের আগ্রহ তৈরির অংশ হিসেবে এই যৌথ প্রযুক্তির মহড়া দেয়া হলো।
টেসলার বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিপওয়াটার অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা অংশীদার জিন মানস্টার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘ঐতিহ্যবাহী গাড়ি নির্মাতাদের চমকে দেয়া ছাড়া এর বাণিজ্যিক মূল্য সীমিত। তবে ইলন মাস্ক কেন টেসলা ও স্পেসএক্সকে একত্রিত করতে উন্মুখ, এই আয়োজন তার সর্বশেষ প্রমাণ।’ অবশ্য ইলন মাস্ক এর আগে টেসলার মূল ব্যবসায়িক আয়ে এই স্পোর্টস মডেলের ভূমিকা খুব বড় হবে না বলে মন্তব্য করেছিলেন। তবে বাজার বিশ্লেষকদের মতে, প্রযুক্তিগত প্রকৌশল প্রমাণের প্রতীকী যান হিসেবে কাজ করবে এই গাড়িটি।
উন্মোচন অনুষ্ঠানে ভক্ত ও বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ইলন মাস্ক বলেন, ‘পর্দায় দেখা সিনেমাকেও হার মানাতে টেসলা ও স্পেসএক্সের প্রকৌশলীরা অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে এটি তৈরি করেছেন।’
টেসলার গাড়ি প্রকৌশল বিভাগের প্রধান লার্স মোরাভি জানান, গাড়িটি এক সেকেন্ডেরও কম সময়ে শূন্য থেকে ৬০ মাইল গতি তুলতে পারে এবং এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ মাইলের বেশি। উত্তেজিত মাস্ক যোগ করে বলেন, ‘আমি মনে করি আপনাকে শব্দের গতির অর্ধেক ভাঙতে হবে।’
গাড়িটি একবার চার্জে ৩০০ মাইলের বেশি পথ পাড়ি দিতে পারবে। অনুষ্ঠানে সুনির্দিষ্ট বিক্রয়মূল্য ঘোষণা করা না হলেও টেসলার অনলাইন বুকিং পৃষ্ঠায় দেখা গেছে, গাড়িটির পারফরম্যান্স সংস্করণের জন্য ৫০ হাজার ডলার এবং থ্রাস্টার সংস্করণের জন্য আড়াই লাখ ডলার অগ্রিম জমা দিতে হবে।





