সমুদ্রসম্পদ আহরণে শক্তিশালী অবস্থান তৈরি করবে বাংলাদেশ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম | ছবি: এখন টিভি
0

সমুদ্রসম্পদ আহরণে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে চায় সরকার। এ খাতের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও দুর্বলতা কাটিয়ে ওঠার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) সকালে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মেরিটাইম ও অফশোর শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী অষ্টম বিমেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘সমুদ্র খাতের সব সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার আন্তরিক। তবে সমুদ্র সম্পদ আহরণ করতে গিয়ে অনেক সময় পরিবেশগত ঝুঁকি তৈরি হচ্ছে। এ জন্য যত্রতত্র কার্যক্রম পরিচালনা না করে নিয়মতান্ত্রিক ও সচেতনভাবে এগিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘সমুদ্র খাতে অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ এখনো প্রত্যাশিত বাজার ধরতে পারছে না। তবে সরকার এ খাতকে শক্তিশালী করে সামনে এগিয়ে নিতে চায়।’

শেখ রবিউল আলম আরও বলেন, ‘সমুদ্র খাতের উন্নয়নে বাংলাদেশ সমন্বিতভাবে এগিয়ে যেতে চায়। আন্তর্জাতিক পরিসরে ন্যায্যতা সমুন্নত রেখেই এ অগ্রযাত্রা নিশ্চিত করতে চায় সরকার। নতুন প্রযুক্তির সঙ্গে রাতারাতি খাপ খাইয়ে নেয়া চ্যালেঞ্জিং।’

জাহাজ নির্মাণ, জাহাজ রক্ষণাবেক্ষণ ও জাহাজ শিল্পের বিভিন্ন দিক মেলায় তুলে ধরা হবে বলে জানান সেতুমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের ঢাকার রাষ্ট্রদূত মাইকেল মিলার, নৌবাহিনী ও মেরিটাইমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেআর